বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের মূল আসরে সরাসরি অংশগ্রহণ না করলেও বাংলাদেশ ফুটবলপ্রেমীদের আলোচনায় ঠিকই জায়গা করে নিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার প্রতি এ দেশের সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা ও উন্মাদনা বিশ্বমিডিয়ার নজর কেড়েছে। আর এই দৃশ্য হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিকেও গভীরভাবে নাড়া দিয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটি আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।

বিশ্বকাপজুড়ে বাংলাদেশের রাস্তায় আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর মিছিল, আতশবাজি আর আলবিসেলেস্তের জার্সিতে শহর ছেয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে বাংলাদেশিদের এই ফুটবল উন্মাদনার কথা, যা স্কালোনিরও নজর এড়ায়নি।

এদিকে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। এর আগে স্পেন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। এবার সেই ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে ইংল্যান্ডকে হারানোর অপেক্ষায় আছে স্কালোনির শিষ্যরা।