বিশ্বকাপের প্রাইজমানিতে নতুন রেকর্ড, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘোষণা অনুযায়ী ৪৮টি দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরে পরিণত হয়েছে। অংশগ্রহণকারী দল ও ম্যাচের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ফিফার আয়ও বেড়েছে, যার ফলে এবার রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের মোট প্রাইজ ফান্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা ২০২২ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

আগামী রোববারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে বিজয়ী দল পাবে ৫ কোটি ডলার। অন্যদিকে, রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। এছাড়া কোয়ার্টার ফাইনাল, শেষ ষোল ও শেষ ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অংশ নেওয়া প্রতিটি দল অন্তত ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিতভাবে পাবে।

ফিফা এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করবে, যা পরে ফেডারেশনগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ ও ফুটবল উন্নয়নে বণ্টন করবে। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপ থেকে ফিফার আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

বিশ্বকাপের প্রাইজমানির ইতিহাসে এটি একটি বড় মাইলফলক। ১৯৮২ সালে যখন প্রথমবার প্রাইজমানি প্রকাশ করা হয়, তখন চ্যাম্পিয়ন ইতালি পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার। চার দশকের ব্যবধানে সেই অঙ্ক বেড়ে এবার ৫ কোটি ডলারে পৌঁছেছে।

ফাইনাল ম্যাচের পর চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। এছাড়া সেরা খেলোয়াড়কে ‘গোল্ডেন বল’, সেরা গোলরক্ষককে ‘গোল্ডেন গ্লাভস’ ও সর্বোচ্চ গোলদাতাকে ‘গোল্ডেন বুট’ প্রদান করা হবে। তবে এই ব্যক্তিগত পুরস্কারগুলোর সঙ্গে কোনো অতিরিক্ত অর্থ দেওয়া হবে না।