ফ্যাসিস্ট পতনের আন্দোলনে শরিক নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে শরিক দলের নেতাদের সম্মানে একটি নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী যমুনা ভবনে পৌঁছান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ঐক্যজোটের শওকত আমিন। এরপর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শরিক নেতাদের প্রতিটি টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন। পরে তিনি বুফেতে খাবার সংগ্রহ করে শরিক নেতাদের সঙ্গে একই টেবিলে রাতের খাবার গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সহসভাপতি বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, ইসলামিক পার্টির আবুল কাসেম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল পিপলস পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগের মহিউদ্দিন কাদরি শওকত, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, বিকল্প ধারার নুরুল আমিন ব্যাপারি, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, গণফোরামের মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর ও ফারুক হাসান, আম জনতা দলের অবসরপ্রাপ্ত কর্ণেল মিয়া মসিউজ্জামান ও তারেক রহমান, সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম ও খন্দকার আহসান হাবিব, জনতার অধিকার পার্টির তারিকুল ইসলাম ভুঁইয়া ও এমএ আর রাজা রহমান, এনডিপির কেএস আবু তাহের ও আবদুল্লাহ আল হারুন, এনডিএমের ববি হাজ্জাজ এবং বিএনপির শাহাদাৎ হোসেন সেলিম ও রেদোয়ান আহমেদসহ ৪১টি দলের নেতারা অংশ নেন।