তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক পেজ, সতর্ক থাকার নির্দেশ মন্ত্রণালয়ের

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্ক বার্তা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে কেবল একটিই ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, যা ব্লু ব্যাজ দ্বারা চিহ্নিত। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে মন্ত্রীর কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

মন্ত্রণালয় উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, সম্প্রতি মন্ত্রীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন কাজ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের ভুয়া পেজ থেকে প্রচারিত কোনো কনটেন্ট আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে, এ ধরনের অপতৎপরতা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হয়েছে।