শ্যামনগরে বনদস্যু নির্মূল ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬ সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলের জেলে ও বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ভেটখালী ও কৈখালী মাদার নদীর ব্রিজের ওপর আয়োজিত এই কর্মসূচিতে হাজারো জেলে, বাওয়ালি এবং স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। সাংবাদিক আক্তার হোসেনের সার্বিক পরিচালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলের হাজার হাজার পরিবার মাছ, কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তবে বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিয়মিত অপতৎপরতার কারণে উপকূলীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়েছে। জীবিকার প্রয়োজনে বনে প্রবেশ করলেও জেলে ও বাওয়ালিরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে দীর্ঘমেয়াদী বা স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা। মানববন্ধনটি আয়োজন করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক এবং চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান শহিদের নেতৃত্বাধীন কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুজ্জামান শহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম লিটন। এছাড়া জেলেদের পক্ষে বক্তব্য রাখেন বাঘের মুখ থেকে জেলেদের উদ্ধারকারী আব্দুল গণি ওরফে টাইগার গণি ও শফিকুল ইসলাম। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারী জেলে ও বাওয়ালিরা সুন্দরবনে নির্বিঘ্নে যাতায়াত এবং মাছ ও কাঁকড়া আহরণের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিকট দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জেলা/উপজেলা বিষয়: জেলেনিরাপত্তাবনদস্যুমানববন্ধনশ্যামনগরসুন্দরবন