রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, আলোচনায় কারা?

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি বর্তমানে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশের শীর্ষ সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি।

বিএনপি ও সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্যমতে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। এছাড়া কোনো সরকারি ঘোষণা বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণও পাওয়া যায়নি।

এদিকে সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে দাবি করেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে পারেন মো. সাহাবুদ্দিন। ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির আরও কয়েকজন শীর্ষ নেতার নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে।