দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে, ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

দেশকে পুনর্নির্মাণ ও পুনর্গঠনের লক্ষ্যে গণতন্ত্রের আলোকে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে বারবার ষড়যন্ত্রকারীরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে। এখনো তারা থেমে নেই। নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি দেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, পোশাক শিল্প ভালোভাবেই চলছিল, কিন্তু এই খাতে কীভাবে অস্থিতিশীলতা ও ভাঙচুর চালানো হয়েছে তা সবার সামনে স্পষ্ট। ষড়যন্ত্রকারীরা এই শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যেই মাঠে নেমেছিল।

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে আহমেদ আজম খান আরও বলেন, বাংলাদেশ বারবার ষড়যন্ত্রের মুখে পড়লেও এ দেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে। যখনই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয়েছে, তখনই গণতন্ত্রের পুনরুত্থানে জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামীতেও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনের দিকে এগোতে হলে সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার।