পাঁচ বছর পর ক্ষমতা হস্তান্তর করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো পরিবর্তন। পাঁচ বছর পর যাদের জনগণ ম্যান্ডেট দেবে, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রজাতন্ত্রের সেবা এবং জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারের ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের মৌলিক দায়িত্ব হলো যেকোনো বেআইনি আদেশ অমান্য করে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনকালীন দায়িত্ব পালন করা। অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভীতির কারণে সিভিল সার্ভিসের একটি অংশ ভোটারবিহীন ও নৈশকালীন নির্বাচন আয়োজনে সহায়তা করেছিল। এর চরম মূল্য দিতে হয়েছে সিভিল প্রশাসনকে এবং এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে একদলীয় শাসন প্রতিষ্ঠা বা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে যেন প্রশাসনকে ব্যবহার করা না হয়। মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ডেপুটি কমিশনাররা রাষ্ট্রের নির্বাহী প্রধানের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাদের দায়িত্ব অপরিসীম। নিজেদের পরিশীলিত রেখে দায়িত্ব পালনের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অরক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। সেই সংকটময় মুহূর্তে মানুষই তাঁকে নেতৃত্বের ভার তুলে দিয়েছিল। তিনি বলেন, ক্ষমতার মোহে নয়, জাতির প্রয়োজনে মানুষ তাঁকে নেতা বানিয়েছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই গণঅভ্যুত্থান একদিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই অর্জন এসেছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির এককভাবে এর মালিকানা দাবি করা সমীচীন নয়; এই চেতনা সমগ্র জাতির। অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার আবদুল খালেক, সাবেক সচিব মসিউর রহমান, এস এম জহিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মাসুদ আলমগীর হোসেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: ক্ষমতা হস্তান্তরগণতন্ত্রজুলাই গণঅভ্যুত্থানসালাহউদ্দিন আহমদসিভিল সার্ভিসস্বরাষ্ট্রমন্ত্রী