দেবিদ্বারে বিএনপির সভা শেষে এমপির গাড়িবহরে হামলার অভিযোগ প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬ কুমিল্লার দেবিদ্বারে বিএনপির পৃথক দুটি আলোচনা সভা শেষে ফেরার পথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও রহমানিয়া সুপার মার্কেটের সামনে এই সভাগুলো অনুষ্ঠিত হয়। এই ঘটনার সময় গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দুই সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে ভিন্ন চিত্র দেখা গেছে। উপজেলা বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও তৃণমূলের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম। অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত সভায় ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এই সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্যসচিব এএফএম তারেক মুন্সী, সদ্য অব্যাহতি পাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সদস্যসচিব কাজী মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, আলোচনা সভা শেষে মিছিল নিয়ে ফেরার পথে মঞ্জু ভাইসহ আমরা সবার পেছনে ছিলাম। সামনে কী হয়েছে, তা বলতে পারি না। গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে আমার গাড়ি লক্ষ করে হামলা করা হয়, এতে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। আমি দলের নির্দেশে থানায় মামলা দায়ের করবো। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আমি উপস্থিত থাকলেও কোনোভাবেই উত্তেজিত যুবকদের আটকানো যায়নি, কেউ একজন থাপ্পড় দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: কুমিল্লাগাড়ি ভাঙচুরদেবিদ্বারবিএনপিরাশেদা বেগম হীরা