শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় প্রতারণা রোধে রিহ্যাবের ছয় দফা দাবি

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

জমির শেয়ার বিক্রির আড়ালে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গত ৮ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট ড. আলী আফজাল এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই ধরনের ব্যবসায়িক মডেলের কারণে ইতোমধ্যে প্রায় ৪০ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ১০ হাজার বিচারাধীন মামলায় সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় আটকে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী দুই থেকে তিন বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা আইনি জটিলতায় আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, জমির শেয়ার বিক্রির মাধ্যমে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেক প্রকল্পের অনুমোদিত নকশা, নির্মাণ সক্ষমতা, অর্থের ব্যবহার এবং মালিকানা হস্তান্তরের আইনি নিশ্চয়তা থাকে না। ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পে প্রতারণার অভিযোগে ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন রয়েছে, যার সাথে প্রায় ১২ হাজার কোটি টাকা জড়িত। তিনি আরও অভিযোগ করেন, অনেক ভবনের অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণের মধ্যে অসংগতি রয়েছে। তাই কাঠামোগত নিরাপত্তা ও নির্মাণমান নিশ্চিত করতে এসব প্রকল্পকে স্বাধীন কারিগরি নিরীক্ষার আওতায় আনা জরুরি।

সংবাদ সম্মেলনে রিহ্যাব সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে—অনিয়ন্ত্রিত ব্যবসায়িক মডেল বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, প্রকল্পের জমির মালিকানা ও অনুমোদন নিশ্চিত না করে অর্থ সংগ্রহ বন্ধ করা, স্বাধীন কারিগরি ও আইনগত নিরীক্ষা, জাল দলিল ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত, আর্থিক হিসাব স্বচ্ছ করা এবং প্রতিটি প্রকল্পে পেশাদার প্রকৌশলী ও স্থপতি নিয়োগ নিশ্চিত করা। ড. আলী আফজাল স্পষ্ট করেন যে, তারা স্বচ্ছ বিনিয়োগের বিরোধী নন, তবে বিনিয়োগের বিপরীতে ফ্ল্যাটের মালিকানার নিশ্চয়তা থাকা অপরিহার্য।

এদিকে, সংবাদ সম্মেলনের শেষভাগে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, তদন্তের নামে গত তিন মাস ধরে রিহ্যাবের কার্যক্রম স্থবির হয়ে আছে। তিনি দাবি করেন, তদন্ত চললেও সংগঠনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই। বাণিজ্য মন্ত্রণালয়কে এই বিষয়ে কার্যকর উদ্যোগ নিয়ে দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনের পরিচালক, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত