আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ দেশজুড়ে চলমান গ্যাস সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। প্রতিমন্ত্রী বলেন, বাসাবাড়িতে রান্নার কাজে ভোগান্তি, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং সিএনজি স্টেশনে চাপের কারণে গণপরিবহনে যে সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়ে সরকার অবগত। তিনি আরও জানান, সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটির কারণে এ সংকট তৈরি হয়নি, বরং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব না হওয়াটা সরকারের জন্য একটি সীমাবদ্ধতা বলেও তিনি উল্লেখ করেন। অনিন্দ্য ইসলাম অমিত জানান, ত্রুটিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে প্রায় ৫০ শতাংশ গ্যাস সরবরাহ চালু করা গেলে তার পরবর্তী সপ্তাহের মধ্যে শতভাগ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে। SHARES জাতীয় বিষয়: অনিন্দ্য ইসলাম অমিতগ্যাস সরবরাহগ্যাস-সংকটজাতীয় গ্রিডজ্বালানি বিভাগ