শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা এই অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ প্রদান করেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নাম রয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতেই ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলাটিতে বর্তমানে মোট নয়জন আসামি গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। চিফ প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনী নৃশংস হামলা চালায়। প্রসিকিউশন এ ঘটনায় মোট ৫৮ জনের মৃত্যুর প্রমাণ পেয়েছে। গত ৫ আগস্টের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনার তদন্ত চেয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। SHARES জাতীয় বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগ্রেফতারি পরোয়ানাশাপলা চত্বরশেখ হাসিনাহেফাজতে ইসলাম