জাপান বাংলাদেশের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী আফরোজা খানম প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের ও অত্যন্ত বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, বাংলাদেশের যেকোনো কঠিন ও দুঃসময়ে দেশটি সবসময় পাশে থেকেছে। পারস্পরিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুই দেশ একযোগে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে জাপানের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। নারী ক্ষমতায়ন প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারীশিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঐতিহাসিক ও যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগটি নারী জাগরণে একটি মাইলফলক হয়ে রয়েছে। তিনি আরও যোগ করেন, বেগম খালেদা জিয়ার সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। উক্ত সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) নেতৃবৃন্দসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। SHARES জাতীয় বিষয়: আফরোজা খানমজাপান-বাংলাদেশ সম্পর্কতারেক-রহমাননারী ক্ষমতায়ননারী শিক্ষাবেগম খালেদা জিয়া