নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: 9:59 PM, August 4, 2026

ঢাকার চারপাশের নৌপথ সচল রাখার প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নদী দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পরিদর্শন ও তরল বর্জ্যের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকারী দল নারায়ণগঞ্জের ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকায় অবস্থিত ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আই এফ এস টেক্সওয়্যার। পরিদর্শনকালে কারখানাগুলো থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষায় দূষণের প্রমাণ পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের একটি পরিদর্শন দল দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থিত আজান ওয়াশিং ও আল আমিন ওয়াশিং নামের দুটি কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠান দুটি কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন ছাড়াই তাদের ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কারখানা দুটি থেকেও তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া একই এলাকায় অবস্থিত অন্যান্য ওয়াশিং কারখানাগুলো পরিদর্শনের সময় বন্ধ পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন, নজরদারি ও আইনগত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।