সিরিয়ার দামেস্কে মিনিবাসে বোমা বিস্ফোরণে নিহত ২

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত জারামানা শহরে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই নাশকতামূলক হামলায় অন্তত দুইজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুরো এলাকাটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রীবাহী একটি যানবাহনে আগে থেকেই পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। আল-জাজিরার কাছে আসা তথ্যমতে, বিস্ফোরিত যানটি সম্ভবত একটি যাত্রীবাহী মিনিবাস ছিল। তবে এ ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা বা পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই এএফপির একজন আলোকচিত্রীকে ঘটনাস্থলে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার প্রধান সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নিরাপত্তা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।