গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে দেখার প্রত্যাশা আইনমন্ত্রীর প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, আমি চাই তিনি সত্যিই দেশে ফিরে আসুন। তিনি বলেন, আমি চাই তিনি গণহত্যার দায় নিয়ে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ এবং এটি তার নিজস্ব গতিতেই কাজ করবে। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগ রয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হওয়াই তার জন্য শ্রেয়। শেখ হাসিনার ভিডিও বার্তা ও দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেকে বলছেন তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। কিন্তু সেটি ছিল রেকর্ড করা অডিও, যা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সৃষ্ট হওয়ারও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে বেশি কথা বলছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন? এ বিষয়ে তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করার আহ্বান জানান তিনি। SHARES অন্যান্য বিষয়: আইনমন্ত্রীআইনি প্রক্রিয়াগণহত্যাঝিনাইদহশেখ হাসিনা