বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, তদন্ত শুরু

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে দেখেন, কক্ষে বড় ধরনের কোনো আগুনের শিখা নেই, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এসময় টেলিভিশনে আগুন জ্বলতে দেখা যায়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান দূতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতের গুলশান বারিধারার বাসার দুটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে রাষ্ট্রদূত ও তার স্ত্রী চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন ভালো আছেন।