ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

প্রকাশিত: 7:01 PM, August 7, 2026

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার। সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়া আত্রাই নদীর অববাহিকায় নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকাও বন্যাকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।