ফিফা সভাপতির পদত্যাগ চাইল নরওয়ে ফুটবল ফেডারেশন প্রকাশিত: 5:00 PM, August 7, 2026 ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়ে তার পদত্যাগের দাবি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। নরওয়ে ফেডারেশনের পরিচালনা পর্ষদের বৈঠকের পর সংস্থাটির প্রধান লিসা ক্লাভনেস সাংবাদিকদের কাছে এই কঠোর বার্তা তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে বলেন, ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনার জন্য যে প্রাতিষ্ঠানিক আস্থা প্রয়োজন, তা বর্তমান সভাপতির নেই। ক্লাভনেসের মতে, জিয়ান্নি ইনফান্তিনোর জন্য আর পেছনে ফেরার কোনো পথ খোলা নেই। ২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন সুইস-ইতালিয়ান আইনজীবী ইনফান্তিনো। আগামী বছরের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তাঁর। এই নির্বাচনে জয়ী হতে হলে ফিফার ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে। প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাঁদের প্রার্থিতা ঘোষণা করতে হবে। সাম্প্রতিক সময়ে ইনফান্তিনো তীব্র চাপের মুখে পড়েছেন। বিশেষ করে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদিও এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তবে এর ফলে ফিফা সভাপতির নেতৃত্বের ওপর বড় ধরনের প্রশ্ন উঠেছে। বর্তমানে ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছে আর্জেন্টিনা ও মেক্সিকো। SHARES ফুটবল বিষয়: ইনফান্তিনোনরওয়ে ফুটবল ফেডারেশনফিফাফুটবললিসা ক্লাভনেস