ব্রাজিল নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ বাড়াল ফিফা

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

ব্রাজিলে অনুষ্ঠেয় পরবর্তী নারী বিশ্বকাপকে সামনে রেখে প্রাইজমানির পরিমাণ বড় ধরনের বৃদ্ধির ঘোষণা দিয়েছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দকৃত প্রাইজমানি আগের তুলনায় প্রায় দ্বিগুণ করা হচ্ছে।

২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১০ কোটি ডলারের সামান্য বেশি। ব্রাজিল আসরে সেই অঙ্ক বাড়িয়ে ২২ কোটি ডলারে উন্নীত করা হচ্ছে। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও নারী ফুটবলারদের জন্য নির্ধারিত এই অর্থ পুরুষদের বিশ্বকাপের তুলনায় এখনো অনেক কম। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত পুরুষদের বিশ্বকাপে যে প্রাইজমানি দেওয়া হয়েছিল, নারীদের জন্য ঘোষিত নতুন এই অঙ্ক তার মাত্র এক-তৃতীয়াংশ।

সর্বশেষ ৪৮ দলের পুরুষ বিশ্বকাপ শেষে ফিফা ১৫০ কোটি ডলারের রেকর্ড আয়ের কথা জানিয়েছে। দ্য গার্ডিয়ান ও স্কাইয়ের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের নারী বিশ্বকাপ এখনো পুরুষদের আসরের তুলনায় আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নারী ও পুরুষ বিশ্বকাপে সমতা আনার যে লক্ষ্যের কথা জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ বলে সমালোচকরা মনে করছেন। এবারের পুরুষ বিশ্বকাপে দলগুলোর মোট প্রাইজমানি ছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার।

২০২৩ সালে সম্প্রচার স্বত্ব নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে অনেক সম্প্রচারকারী প্রতিষ্ঠান ধরে নিয়েছিল যে পুরুষ বিশ্বকাপের স্বত্ব কিনলেই নারী বিশ্বকাপের স্বত্বও স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। সেই সময় ইনফান্তিনো ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ২০২৬ পুরুষ ও ২০২৭ নারী বিশ্বকাপে প্রাইজমানিতে সমতা আনাই তাদের লক্ষ্য। তিনি আরও দাবি করেছিলেন, ফিফা নিজেরাই এই লক্ষ্য নির্ধারণ করেছে এবং কথার পাশাপাশি কাজেও তারা এগিয়ে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে সম্প্রচারক ও স্পন্সরদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি।

এই প্রক্রিয়ার একটি ইতিবাচক দিক হলো, ফিফা ইতোমধ্যে নিশ্চিত করেছে যে ২০২৭ সালের নারী বিশ্বকাপে প্রতিটি দল পুরুষদের সমান প্রস্তুতিমূলক অর্থ পাবে। প্রতি দলের জন্য এই অঙ্ক দ্বিগুণ করে ২৫ লাখ ডলার করা হচ্ছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত