পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর সতর্কবার্তা

প্রকাশিত: 10:30 PM, August 7, 2026

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) এক বার্তায় পুলিশ এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় দাবি করা হয়েছে, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

পুলিশ আরও জানিয়েছে, একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার পর থেকে এবং সরকারি দপ্তরে অনৈতিক তদবির আমলে না নেওয়ায় একটি মহল ক্ষুব্ধ হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত থাকা, অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ পুলিশের হাতে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজবের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে পুলিশ সতর্ক করেছে যে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।