দশমিনায় তেঁতুলিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোঁজ প্রকাশিত: 2:01 PM, August 7, 2026 পটুয়াখালীর দশমিনার তেঁতুলিয়া নদীতে সাঁতার কেটে অপর পাড় থেকে এপারে আসার সময় এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন। নদীর মাঝামাঝি অবস্থানে পৌঁছানোর পর তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার খবর পেয়ে দ্রুত দশমিনা ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং দশমিনা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর তাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। উদ্ধার কার্যক্রমের বিষয়ে দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস জানান, নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে অভিযান পরিচালনা করছে। এছাড়া দশমিনা ফায়ার সার্ভিস থেকেও জানানো হয়েছে যে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। SHARES দুর্ঘটনা বিষয়: উদ্ধার অভিযানতেঁতুলিয়া নদীদশমিনানিখোঁজপটুয়াখালী