ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৭ পাটের গুদাম ও ৩ দোকান ভস্মীভূত প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, রাত ১০টার দিকে বাজারের একটি পাটের গুদামে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের অন্যান্য গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে সাতটি পাটের গুদাম ছাড়াও একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, আগুনের তীব্রতায় গুদামগুলোতে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে নষ্ট হয়ে গেছে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগুন ছড়িয়ে পড়ার আগেই কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল, তবে অধিকাংশ মালামালই পুড়ে গেছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই দোকান ও গুদামগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে বা এর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। SHARES দুর্ঘটনা বিষয়: অগ্নিকাণ্ডআলফাডাঙ্গাপাটফরিদপুরফলিয়া বাজার