আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এসব ঘটনায় অন্তত সাতটি দেশের ৩০ জন নাগরিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন প্রবাসী রয়েছেন।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়িতে আঘাত করে। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা পার্শ্ববর্তী গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহত ৩০ জনের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিকরা রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কয়েকজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

একই দিনে অন্য একটি দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। খালিজ টাইমসের তথ্যমতে, শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন এবং তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। নিহত তরুণদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করতেন। এই ঘটনায় পরিবারটির আরও চার সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।