বিক্ষোভের অধিকার আছে তবে তা হতে হবে শান্তিপূর্ণ: জাতিসংঘ প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬ বাংলাদেশে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, তবে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক আবু সুফিয়ানের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-প্রেস সচিব ফারহান হক এই মন্তব্য করেন। সাংবাদিক তার প্রশ্নে উল্লেখ করেন যে, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও বেশি শাখায় হামলা চালিয়েছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়া গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই হামলাকারীরা ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করেছে বলে মনে করা হচ্ছে। সাংবাদিক জানতে চেয়েছিলেন, জাতিসংঘ কি বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, নাকি এ বিষয়ে তাদের কোনো বক্তব্য রয়েছে। জবাবে ফারহান হক বলেন, সহিংসতার সব ঘটনারই জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, কিন্তু সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। একই ব্রিফিংয়ে সাংবাদিক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন করেন। ইমরান খান বিচারকের কাছে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে ফারহান হক বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে যেকোনো উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এছাড়া সাংবাদিক গত অক্টোবরের শুরুতে জাতিসংঘ মহাসচিবের পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে তার সঙ্গে প্রধানমন্ত্রী, ফিল্ড মার্শাল এবং উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে জানতে চান। ফারহান হক জানান, জাতিসংঘ মহাসচিবের সেই সফরের বৈঠকের বিস্তারিত বিবরণ আগেই প্রকাশ করা হয়েছে এবং তা দেখা যেতে পারে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইমরান খানগ্রামীণ ব্যাংকজাতিসংঘপ্রতিবাদবাংলাদেশ