নতুন রাষ্ট্রপতির শপথ আয়োজনে ছয়টি কমিটি গঠন করল মন্ত্রিপরিষদ বিভাগ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি পৃথক কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত রবিবার (৯ আগস্ট) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন, তারিখ, সময় ও স্থান চূড়ান্ত করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় আয়োজন নিশ্চিত করতেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

গঠিত কমিটিগুলোর মধ্যে সমন্বয় কমিটির দায়িত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। এছাড়া ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির নেতৃত্ব দেবেন প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল। আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির আসন ব্যবস্থাপনা কমিটির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম অভ্যর্থনা কমিটির নেতৃত্ব দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, প্রয়োজনে এসব কমিটিতে অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারী যুক্ত করা যাবে। আদেশ জারির পর কমিটিগুলোকে দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উপকমিটির আহ্বায়কদের তাদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করতে ও প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।