হেফাজতকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় নির্বাচনের সময় যেভাবে পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবে হেফাজতে ইসলামকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব এবং হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। মূলত হেফাজত আমিরের দোয়া নিতেই তিনি সেখানে যান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাদের পাশে থেকে কাজ করেছেন। ফলে আমরা দেশকে বড় বিপদ থেকে মুক্ত করতে পেরেছি। তবে সমস্যা এখনও শেষ হয়ে যায়নি। ফ্যাসিবাদের সময়ে আপনারা দেখেছেন কীভাবে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়েছে। নির্বাচনের পরেও আমরা নানা সমস্যা দেখতে পাচ্ছি। তবে বিদ্যুৎ ও গ্যাসসহ সব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

ফটিকছড়ির স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এখানকার হাসপাতাল ও শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ ও কর্মসংস্থানের জোরালো দাবি আছে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করব।

গ্যাস সংকট প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের সময় দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধানের কোনো চেষ্টাই করা হয়নি। উল্টো বিদেশিদের হাতে দেশের গ্যাস তুলে দেওয়া হয়েছে এবং অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে চলে গেছে।

এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।