সাগর উত্তাল: সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাস সংকট

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

সাগর উত্তাল থাকার কারণে সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এমন প্রতিকূল পরিস্থিতিতে টার্মিনালে থাকা কার্গোটিও সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।

বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দিয়ে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সামগ্রিক সরবরাহ আরও কমে গেছে। এতে আগে থেকেই চলমান গ্যাস সংকট নতুন করে আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গ্যাসের চাপের ঘাটতি শুধু আবাসিক গ্রাহকদের ভোগান্তিই বাড়াবে না, বরং শিল্প-কারখানাতেও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্ত গ্যাস না পেলে কারখানার উৎপাদন সক্ষমতা কমে যেতে পারে।

এদিকে গ্যাস সরবরাহের ঘাটতির প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পিক আওয়ারে গড়ে প্রায় ৩ হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। সামিটের এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের ঘাটতি আরও বাড়লে লোডশেডিংয়ের পরিমাণও বেড়ে যেতে পারে।

ফলে একদিকে তীব্র গরমে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং, অন্যদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্না ও শিল্প উৎপাদনে ভোগান্তি—এই দুই সংকটেই পড়তে পারেন গ্রাহকেরা। সামিটের এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ পরিস্থিতি আরও চাপে থাকার আশঙ্কা রয়েছে।