বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কতা অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এই অতি বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।