বসুন্ধরায় গ্রেপ্তার ১৫ আওয়ামী লীগ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাফিজুর রহমান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন যুবলীগ নেতা মোতালিব, যুবলীগ নেত্রী মেহেজাবীন আক্তার মালা, রুবেল, জি কে মাসুদ, অন্তর মিয়া, রমজান, মামুন, মিঠু ওরফে আমির হোসেন, আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ, সুমন মিয়া, আরিফ মিয়া, মোস্তাক মিয়া, সাইম হোসেন, জাহিদ হাসান ও শাহিন হোসেন ইমন। এর আগে গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লক, রোড-২৮-এর একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। ১৫ আগস্ট উপলক্ষে তারা ওই ফ্ল্যাটে একত্রিত হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন এবং তিনটি ব্যানার জব্দ করে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, জব্দ করা ব্যানারগুলোতে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজনের কথা ছিল এবং কয়েকটিতে সংগঠনের নেতাকর্মীদের ছবিও ছিল। পুলিশ জানায়, ১৫ আগস্টকে ঘিরে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিল। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। ঘটনার পরের দিন ৫২ জনকে আদালত কারাগারে পাঠায় এবং দুই কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। কারাগারে যাওয়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন লিমন খান, দেওয়ান ইসমাইল, ফাহিম মিয়া, রতন, রাব্বি ওরফে রাফি, রাতুল শীল, মিনারুল মিয়া, মাসুদ রানা ওরফে লিমু, জিহাদ হাসান, আবু সাইম ওরফে সায়েম বাবু, ফাহিম, শাকিল মিয়া, রাজীব, সানি, রাজন মিয়া, মো. তারেক, তারেক, শাহিন, ফয়সাল, মামুন মিয়া, মুন্না, তামজিদ মিয়া নয়ন, ইয়াছিন, জামিল, রাকিবুল হাসান রাতুল, ফয়সাল, সিয়াম, শরিফ, সাদিকুর রহমান পায়েল, শাহিন আলম, আব্দুল আলী বাবু, অনিক, তারিকুল ইসলাম, আ. রহমান, ইয়ামিন মিয়া, আতিক ও আশিক। এছাড়া দুই কিশোর হলো ঈশান ও হাসিব। SHARES অন্যান্য বিষয়: আওয়ামী লীগগ্রেপ্তারবসুন্ধরাভাটারা থানারিমান্ড