স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দীপু মনির

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি। তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময়সীমা নির্ধারিত রয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য তৎপর ছিলেন তানি দীপাবলি। তিনি মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন এবং দুপুর ১২টার দিকে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন জানান তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছাবেন এবং সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন করবেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে ৬০টিরও বেশি মামলা রয়েছে।