পোশাক খাতে রাজনৈতিক উসকানি দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬ তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো কোনো মহল নিজেদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে শ্রমিকদের উসকানি দিয়ে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করবে। মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারাদেশের চিংড়ি ঘের নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, পোশাক শ্রমিকদের দাবির সঙ্গে সাম্প্রতিক কিছু হিংসাত্মক কর্মকাণ্ডের প্রকৃত কোনো সম্পর্ক নেই। অতীত রাজনীতির সঙ্গে যুক্ত একটি পক্ষ বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে শিল্প পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে বলে সরকার মনে করছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া তৈরি পোশাক ও বিকেএমইএ-সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের প্রায় সব নেতার পাশাপাশি কারখানা মালিকদের সঙ্গেও সরকারের আলোচনা হয়েছে। এই আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর মজুরি নির্ধারণে মালিক-শ্রমিক দর-কষাকষি এগিয়ে যাবে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। সড়কে শ্রমিকদের অবস্থান ও কিছু কারখানা বন্ধ থাকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যেসব কারখানা বন্ধ রয়েছে তা দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু দুষ্কৃতকারী হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে পরিস্থিতি জটিল করার পাঁয়তারা করতে পারে। উসকানি দিয়ে কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার পথ উন্মুক্ত থাকায় অস্থিতিশীলতা সৃষ্টির কোনো যৌক্তিকতা নেই। শিল্প কারখানায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা, তাদের জীবনমান উন্নয়ন এবং কারখানার উৎপাদন সচল রাখাকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে। ন্যায্য দাবি পূরণে সরকার সচেষ্ট থাকলেও কোনো নৈরাজ্য বরদাশত করা হবে না। কোনো মহল যেন শ্রমিকদের আবেগ ও অসন্তোষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। SHARES অন্যান্য বিষয়: অস্থিরতাগার্মেন্টস শ্রমিকপোশাক শিল্পমজুরি বোর্ডসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী