গাজীপুরে শ্রমিক হতাহতের খবর ভিত্তিহীন, জানাল জেলা পুলিশ

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে শ্রমিক হতাহতের যে খবর ছড়িয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করেছে গাজীপুর জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যেন সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে, সেজন্য পুলিশ অত্যন্ত ধৈর্য ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করে আসছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিটি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এরই মধ্যে একটি মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে কিছু ষড়যন্ত্রকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তুলতে গুলিতে হতাহতের মিথ্যা গুজব ছড়াচ্ছে। গাজীপুরের শ্রমিক আন্দোলনে পুলিশ কোনো গুলি চালায়নি এবং এতে কেউ হতাহত হয়নি বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করা হয়েছে।

এ ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য শ্রমিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। একই সঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে শ্রমিকদের নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ জানানো হয়েছে।