ডিএনএ টেস্টে দোষী প্রমাণিত সেই শিক্ষক, তোপের মুখে সালমান মুক্তাদির প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ নেত্রকোনার মদনে মাদরাসার শিক্ষক আমান উল্লাহ সাগর কর্তৃক ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে, ওই নবজাতকের বাবা মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই। এই প্রতিবেদন প্রকাশের পর তীব্র তোপের মুখে পড়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির, যিনি ডিএনএ পরীক্ষার আগেই অভিযুক্ত শিক্ষককে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। ঘটনার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে আসামি করা হয়। পরবর্তীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে সাগরকে গ্রেফতার করে পুলিশ। তবে আসামি গ্রেফতার হওয়ার আগেই সালমান মুক্তাদির ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেন যে, সাগর ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। সে সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, পুলিশ তদন্ত সম্পন্ন করার বা আসামি গ্রেফতারের আগেই সালমান কীভাবে ডিএনএ পরীক্ষার ফলাফল জানলেন? তৎকালীন ফেসবুক পোস্টে সালমান মুক্তাদির লিখেছিলেন, ‘একটি পোস্ট ভাইরাল হয়েছিল— একজন ১১ বছরের শিশুকে তার মাদ্রাসার শিক্ষক গর্ভবতী করেছে বলে। পুরো দেশ, আমিসহ, এমন এক দানবের বিরুদ্ধে ভয়ংকর ক্ষোভে ফেটে পড়েছিল। কিন্তু আজ তদন্ত ও ডিএনএসংক্রান্ত খবর থেকে জানা গেল, যাকে অভিযুক্ত করে সারা ইন্টারনেটে অপমান করা হয়েছিল, সে আসল অপরাধী নয়। বরং অভিযোগ উঠেছে, শিশুটির নিজের দাদার দিকেই।’ ভুল তথ্য দিয়ে এমন পোস্ট করার পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন সালমান। পরবর্তীতে তোপের মুখে পড়ে তিনি আগের বক্তব্য অপরিবর্তিত রেখেই পোস্টে আরেকটি বাক্য যোগ করে লেখেন, ‘আবার অন্য কিছু সূত্র এটাকে গুজবও বলছে। সহজভাবে বললে, এখনো কোনো নিশ্চিত নাম, নিশ্চিত ডিএনএ রিপোর্ট বা স্পষ্ট তদন্ত ফলাফল নেই।’ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন গতকাল সোমবার আদালতে উত্থাপন করা হয়। আদালতের শুনানির পর বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল কবীর রুবেল। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের বাবা হিসেবে আমান উল্লাহ মাহমুদী সাগরকে শনাক্ত করা হয়েছে। এই সত্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান মুক্তাদিরের দায়িত্বজ্ঞানহীন পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে ক্ষোভের ঝড় বইছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: আমান উল্লাহ সাগরডিএনএ পরীক্ষাধর্ষণ মামলানেত্রকোনামদন থানাসালমান মুক্তাদির