বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নেবে বাংলাদেশ

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন এবং তাদের কোনো খরচ বহন করতে হবে না।

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অবৈধ পথে বিদেশযাত্রা এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি প্রতিরোধবিষয়ক ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার বৈধ উপায়ে কর্মীদের বিদেশে পাঠানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে। মালয়েশিয়া সরকারের এই ১০ হাজার কর্মী নেয়ার সিদ্ধান্তকে তিনি একটি উপহার হিসেবে উল্লেখ করেন। এসব কর্মীকে বিদেশে পাঠানোর আগে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে পুরোপুরি প্রস্তুত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, কেবল বিদেশ যাওয়ার আগ্রহ থাকলেই হবে না, বরং প্রয়োজনীয় কাজ ও ভাষা শিখে দক্ষ হয়েই বিদেশে পাড়ি জমাতে হবে। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালু করার জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা দেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সভায় অবৈধ অভিবাসন এবং দালালদের দৌরাত্ম্য নিয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সুনামগঞ্জের অনেক যুবক দালালের ফাঁদে পড়ে অবৈধভাবে বিদেশ গিয়ে প্রাণ হারিয়েছেন। সম্প্রতি লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার পথে কয়েকজনের প্রাণহানির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব দালালকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি পুনরায় ব্যক্ত করেন।