সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্সের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রযুক্তিগত সহায়তা, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স বর্তমান সরকারের লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানান এবং এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে আলোচনার সময় আবাসিক প্রতিনিধি জানান, ইউএনডিপি ক্যাম্প এলাকায় পাহাড় ধস প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষা এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্যাম্পের অবকাঠামোর আধুনিকায়ন চায়, তবে বৃহত্তর স্বার্থে সেখানে নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ করা হবে না।

পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ইউএনডিপি নাগরিক অধিকার সংরক্ষণ ও বিরোধ নিষ্পত্তি-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে বলে জানান আবাসিক প্রতিনিধি। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের দক্ষতা বৃদ্ধিতে এই সহযোগিতার গুরুত্বারোপ করেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য রোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাথে ইউএনডিপির কাজের কথা উল্লেখ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সুরক্ষা আইন বাস্তবায়নে ইউএনডিপির লজিস্টিক সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন সম্পর্কে মন্ত্রী জানান, আইনটির খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং এটি জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে। তিনি বলেন, আইনটি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন অংশীজনের মতামত এবং দেশের সামাজিক ও ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, 'গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬'-এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে।

বৈঠকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সঠিক ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং ইউএনডিপির প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট স্পেশালিস্ট সাইফ ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট স্পেশালিস্ট সাইফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।