তুর্কি বিনিয়োগ বাড়াতে ইস্তাম্বুলে বৈঠক করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন শিল্প খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পের মতো খাতগুলোতে তুর্কি ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান কাস্টমস সংক্রান্ত বাধা দূর করা এবং অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়েও গুরুত্বারোপ করেছেন মন্ত্রী।

রোববার ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার উপায় এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমস সংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরেন এবং এসব নিরসনে তার সহযোগিতা কামনা করেন।

উভয়পক্ষই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর বাণিজ্যিক অংশীদারত্বে রূপান্তরের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান বাধাগুলো দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকটিতে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নেওয়ার জন্য তুর্কিয়ে সফর করছেন।