মুকসুদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালন, বিতরণ ৩ লাখ টাকার ঋণ প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোপালগঞ্জের মুকসুদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। রোববার (১ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এবারের যুব দিবসের নির্ধারিত প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সমৃদ্ধ বাংলাদেশ’। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একজন ক্ষুদ্র উদ্যোক্তা ও একজন খামারির হাতে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। প্রদত্ত এই আর্থিক সহায়তা তাঁদের নিজস্ব উদ্যোগ পরিচালনা ও সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান তৈরি করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়েদ উদ্দিন আহম্মেদ। এতে বিশেষ বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান। আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধি তরান্বিত করতে যুবসমাজের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগানো অতীব জরুরি। সেজন্য তরুণ প্রজন্মকে উপযুক্ত প্রশিক্ষণ, প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্র তৈরি করে দিতে হবে। একজন দক্ষ ও আত্মনির্ভরশীল যুবকই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখতে পারেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: উপজেলা প্রশাসনজাতীয় যুব দিবসমুকসুদপুরযুব উন্নয়ন অধিদপ্তরযুব ঋণ