ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬ ফ্যাসিবাদ যেন পুনরায় পুনর্বাসিত হতে না পারে এবং আমরা নিজেরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি, তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে আইনমন্ত্রী ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর দীর্ঘদিনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং তিন বছর আগে তাদের এই কার্যক্রমের আওতায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। নীরবে-নিভৃতে একটি শ্রেণির মানুষকে স্বাবলম্বী করার এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। জুলাই বিপ্লবের ভয়াবহতা স্মরণ করে মো. আসাদুজ্জামান বলেন, আন্দোলনের ২০ দিনে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০০ মানুষ হাত, পা বা মাথা হারিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের মুখোশ পরে রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। অনেক পরিবার এখনো তাদের স্বজনদের নিখোঁজ হওয়া নিয়ে শোকে নিমজ্জিত। যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, চোখ খুলুন। নাগরিক হিসেবে সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ ধরিয়ে দেওয়া সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আরও বলেন, দেশ গড়ার কাজে আমাদের মনোনিবেশ করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকবে। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রতিযোগিতার আয়োজকেরা জানান, সারা দেশ থেকে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ ও নাত এবং রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা’। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান, ইরান দূতাবাসের প্রথম কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: আইনমন্ত্রীজুলাই বিপ্লবফ্যাসিবাদমো. আসাদুজ্জামানরোডম্যাপ