ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএসসিসির কঠোর অভিযান প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ব্যবসা ও স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্তকরণে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে সেগুনবাগিচা ও এর আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখা ভ্রাম্যমাণ দোকান ও অন্যান্য অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মোঃ আবদুস সালাম স্পষ্ট করেন যে, ফুটপাত কেবল জনসাধারণের চলাচলের জন্য এবং সেখানে কোনো অবৈধ দোকান বা হকার বসতে দেওয়া হবে না। তিনি বলেন, “এই অভিযান কাউকে হয়রানি বা শুধুমাত্র জরিমানা করার জন্য নয়, বরং নগরের শৃঙ্খলা, জনস্বার্থ এবং নাগরিক অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।” যারা সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রচলিত আইনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। প্রশাসক জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার বিষয়ে গত ছয় মাস ধরে হকার ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এরপরও যারা নির্দেশ অমান্য করছেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। হকার ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, তালিকা অনুযায়ী হকারদের জন্য নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করার কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়নে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এই সময়ের পর নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হকারি করার সুযোগ থাকবে না। আগামী কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন আকস্মিক ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসক। এ সময় ফুটপাত ও সড়ক দখল, ট্রেড লাইসেন্সের বৈধতা, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা এবং বিদ্যুতের অপব্যবহারের মতো বিষয়গুলো কঠোরভাবে যাচাই করা হবে। অভিযানের সময় প্রশাসক নিজে বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ট্রেড লাইসেন্স পরীক্ষা করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি শৃঙ্খলাপূর্ণ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: অবৈধ স্থাপনাউচ্ছেদ অভিযানডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনফুটপাত দখলসেগুনবাগিচা