বগুড়ায় ড্রেন সংস্কারের সময় ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন সংস্কারের সময় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টার পর সিটি কর্পোরেশনের মাস্টার ড্রেন প্রকল্পের আওতায় শ্রমিকেরা সেখানে খননকাজ করছিলেন। কাজ চলাকালীন ড্রেনের ভেতরের দক্ষিণ পাশের দেয়ালে মাটির নিচে ধাতব বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন এক শ্রমিক।

বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে কুন্ডলীকৃত অবস্থায় গুলিগুলো উদ্ধার করে। পরবর্তীতে গণনা করে মোট ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

উদ্ধার হওয়া এই গোলাবারুদগুলো ঠিক কোন সময়ের—তা নিয়ে চলছে ধোঁয়াশা। এগুলো মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের কি না, নাকি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রের অংশ—তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন জানান, গোলাবারুদগুলো কোন সময়ের তা বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।