দেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬৮ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সংখ্যাসহ গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো। একই সময়ের ব্যবধানে ৩৬৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ২১৮ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের পরিসংখ্যানে বয়সভিত্তিক কোনো তথ্য প্রদান করেনি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুদের মধ্যেই এর প্রকোপ ও আক্রান্তের হার বেশি। প্রাদুর্ভাবের এই সময়ে হামের উপসর্গ নিয়ে হওয়া প্রতিটি মৃত্যুকে হামজনিত মৃত্যু হিসেবেই বিবেচনা করা হচ্ছে। SHARES জাতীয় বিষয়: মৃত্যুরোগের প্রাদুর্ভাবস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্যসেবাহাম