মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬ ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৬ (০৩:৫৭ পিএম): দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতিত্বপূর্ণ এই অর্জনের জন্য তাদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট, মেডেল এবং নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের মাঝে জনসেবার মনোভাব, নেতৃত্বের গুণাবলি এবং দেশের প্রতি গভীর দায়িত্ববোধ তৈরি হয়। কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, জনসেবা করতে হয় এবং দেশের স্বার্থে আত্মত্যাগ করতে হয়—তার চমৎকার শিক্ষা দেয় স্কাউটিং। মেধাবী তরুণদের দেশের প্রধান সম্পদ হিসেবে আখ্যায়িত করে শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ ও মেধাবী সমাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। দেশের বিশাল জনসংখ্যাকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে জনসম্পদে রূপান্তর করা যায়, তবে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম হবে। SHARES জাতীয় বিষয়: জিপিএ-৫ সংবর্ধনাড. আ ন ম এহছানুল হক মিলনমাদকমুক্ত জাতিশিক্ষা মন্ত্রণালয়শিক্ষামন্ত্রীস্কাউট সংবর্ধনা