১২ কেজি এলপিজির দাম ১৩ টাকা কমল

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি জানায়, ১২ কেজির সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

কমিশনের নির্ধারিত হিসাব অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা করা হয়েছে। এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। পরে আগস্ট মাসে এক লাফে ৭০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৯৮ টাকা। অবশ্য জুলাই মাসে আগের মাসের তুলনায় সিলিন্ডারপ্রতি ৩৫৭ টাকা কমানো হয়েছিল, যখন দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল।

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা। অন্যদিকে, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দামও নির্ধারণ করেছে বিইআরসি। এ ক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম নির্ধারণ করা হয়েছে ২৮৫ টাকা ৩০ পয়সা।