যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রেকর্ড আগাম ভোট দিলেন ৬ কোটি মানুষ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ দেশটির পূর্বাঞ্চলীয় ভারমন্ট রাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে। দেশটিতে অঙ্গরাজ্যভেদে ভোটগ্রহণ শুরুর ও শেষ হওয়ার সময় আলাদা হওয়ায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু বা শেষ হচ্ছে না। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট) পর্যন্ত দেশটিতে মোট ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি ভোট জমা পড়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫২১ জন সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে এবং ২ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৫৪১ জন ডাকযোগে ব্যালট পাঠিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়ার সুযোগ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্যমতে, দেশটির প্রায় ৯৭ শতাংশ ভোটার এমন এলাকায় বসবাস করেন যেখানে নির্বাচনের নির্ধারিত দিনের আগেই ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসা শুরু করবে। তবে অনেক রাজ্যে চূড়ান্ত ফলাফলের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এবারের মধ্যবর্তী নির্বাচনে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মাধ্যমে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনের ভাগ্য নির্ধারিত হবে। পাশাপাশি ৩৬টি রাজ্যে ভোটাররা নতুন গভর্নর নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন। SHARES অন্যান্য বিষয়: আগাম ভোটনির্বাচনবিশ্ব রাজনীতিমধ্যবর্তী নির্বাচনযুক্তরাষ্ট্র