বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। আগের কার্যদিবসে মূল্যবান ধাতুটির দর প্রায় ২ শতাংশ বাড়লেও, মঙ্গলবার তা বড় ব্যবধানে কমেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে, ডিসেম্বরের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১৪ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। বাজারে স্বর্ণের দরপতনের পেছনে জ্বালানি তেলের অস্থিরতাকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের এক কর্মকর্তার মন্তব্য যে যুদ্ধের অবসানে চুক্তি এখনো অনেক দূরে, তার প্রেক্ষিতে তেলের দাম ১ ডলারের বেশি বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালালে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়। সরবরাহঝুঁকির কারণে জ্বালানির দাম উঁচুতে থাকায় কঠোর মুদ্রানীতির পক্ষে যুক্তি আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিশতেশ শাহ জানান, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়ে এবং সুদের হার বৃদ্ধির প্রত্যাশাও বৃদ্ধি পায়, যা স্বর্ণের জন্য নেতিবাচক। সুদবিহীন সম্পদ হওয়ায় সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয়ও বেড়ে যায়। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৫ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। এদিকে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনও বাজারের ওপর প্রভাব ফেলছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার উল্লেখ করেন, ডেমোক্র্যাটদের ব্যাপক জয় এআই ডেটা সেন্টার নির্মাণ ও প্রযুক্তি খাতের বিনিয়োগে জটিলতা তৈরি করতে পারে। প্রযুক্তি খাতে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরদারির ফলে অন্য খাতের লোকসান পুষিয়ে নিতে বিনিয়োগকারীরা স্বর্ণের অবস্থান কমাতে পারেন। অন্যদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল চলতি বছরে স্বর্ণে বিনিয়োগের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪০০ মেট্রিক টন থেকে কমিয়ে ২০০ মেট্রিক টন করেছে। সংস্থাটি জানিয়েছে, স্বর্ণের বার ও কয়েনের চাহিদা দুর্বল হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পূর্বাভাস বাড়ানো হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: অর্থনীতিজ্বালানি তেলবিশ্ববাজারশেয়ার বাজারস্বর্ণের-দাম