কুমিল্লা বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে জড়ানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

কুমিল্লা বিভাগের ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, বিভাগ নিয়ে আমাদের আঞ্চলিক বিদ্বেষে জড়ানো যাবে না। বিষয়টি সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, নোয়াখালীর সাথে কুমিল্লার দীর্ঘদিনের ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে গুরুত্ব দিয়ে বিভাগকে কেন্দ্র করে কোনো প্রকার আঞ্চলিক হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা অনুচিত।

জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়া, জেলার ১৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও পদস্থ কর্মকর্তারা অংশ নেন।