সিপিএলে মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, তবুও হারল গায়ানা প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটে-বলে নিজের সামর্থ্যের জানান দিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে ব্যক্তিগত এই নৈপুণ্য তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জয় এনে দিতে পারেনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচে গায়ানাকে ৬ উইকেটে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ম্যাচে আগে ব্যাট করতে নেমে গায়ানা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এবং মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে মিরাজ ২৪ বলে ১৮ রান সংগ্রহ করেন, যেখানে একটি চার ও একটি ছক্কা ছিল। গ্লেন ফিলিপসের সঙ্গে তার ২৩ রানের জুটি দলকে কিছুটা লড়াইয়ের পথ দেখালেও শেষদিকে রোমারিও শেফার্ডের ২২ রান ছাড়া আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। বার্বাডোজের বোলার এএম গাজানফার ও জোহান লেন প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়ে গায়ানার ইনিংস গুটিয়ে দেন। বোলিংয়েও মিরাজ ছিলেন দুর্দান্ত। বার্বাডোজের রান তাড়ায় ষষ্ঠ ওভারে তিনি কুইন্টন ডি কককে বোল্ড করে প্রথম সাফল্য পান। পরে ২০ বলে ৩২ রান করা সাদরাক দেসকার্তেকে সাজঘরে ফিরিয়ে ব্রেন্ডন কিংয়ের সঙ্গে তার ৪১ রানের জুটি ভাঙেন। ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে তিনি ২ উইকেট শিকার করেন। মিরাজের বোলিং নৈপুণ্যের পরও ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ভর করে সহজেই লক্ষ্য স্পর্শ করে বার্বাডোজ। তারা ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলে জয় নিশ্চিত করে। ম্যাচসেরা হয়েছেন আফগানিস্তানের এএম গাজানফার। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। অন্যদিকে, ৯ ম্যাচে ৮ জয় ও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেট সংবাদগায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সবার্বাডোজ ট্রাইডেন্টসমেহেদী হাসান মিরাজসিপিএল