বন্যা সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ জ্ঞাপন প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ নেপালে গত ২৬ আগস্ট আঘাত হানা আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের মানবিক সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো একটি চিঠিতে এই বার্তা প্রদান করেন। চিঠিতে বালেন্দ্র শাহ উল্লেখ করেন, ২৬ আগস্ট ২০২৬ তারিখে নেপালে আঘাত হানা ওই বিধ্বংসী বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। এই দুর্যোগ দেশটির জনগণের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। এই শোকের মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তা নেপালের জনগণের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নেপালের প্রধানমন্ত্রী ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার প্রদানের উদার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়াতে এবং নেপালের জনগণকে নতুন করে জীবন গড়তে সহায়তা করার প্রচেষ্টায় বাংলাদেশের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া, বাংলাদেশের জাতীয় সংসদে এই বন্যা নিয়ে শোক প্রস্তাব গ্রহণ করায় নেপালের প্রধানমন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এই আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ। নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। প্রতিকূল সময়ে বাংলাদেশের এই সহযোগিতা নেপালের জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। SHARES জাতীয় বিষয়: তারেক-রহমানত্রাণনেপালবন্যাবাংলাদেশবালেন্দ্র শাহ