দেশেই আছেন ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল, নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বর্তমানে দেশেই অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর জানান, মাকসুদ কামাল বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন। ফলে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে মাকসুদ কামালসহ মোট আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করলেও তখন আনুষ্ঠানিক অভিযোগে থাকা অন্য ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া আভাস অনুযায়ী, অভিযুক্তদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং সাবেক এক বিচারপতি থাকতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৬